রোদের সকাল
সকালের রোদ
দেখে নাই কোনোদিন
উঠে নাই ভোরবেলা
ছোটবেলা কেটে গেছে আদুরে বিলাসিতায়
মায়ের বুকের দুধে বাবার ছায়ায়।
স্কুল ছুটি হলে
মিছে কথা বলে
শ্যামলার ক্লাবঘরে
জমিয়ে আড্ডা মেরে
বাড়ি ফিরে সন্ধ্যায় আরো যেন মন চায়
বাবার লাঠির ভয়ে পড়তে বসা।
কলেজে প্রথম বার
মুখেতে চারমিনার
মেঘ মেঘ চারিদিকে
তারি ফাঁকে আসে চাঁদ
চাঁদের ওই আসা দেখে বুকে যেন ঢেউ উঠে
আশা জাগে চাঁদ যেন সাগরিকা হয়ে যায়।
কোনো এক বিকেলে
আড্ডায় মেঘ ছিল, ছিল চায়ের জোয়ার
চাঁদের গল্প ছিল, ঢেউদের হাহাকার
হাঁসির ফোয়ারা ছিল সব মিলে একাকার
তখন কে জানে
এমন খবর এসে পড়বে কানে
হারু নেই...
দেহখানা আছে শুধু
ঢেউ থেমে গেছে তার
তরঙ্গহীন এক সমুদ্র অপার।
রোদের সকাল
সকালের রোদ
রোদের সকাল
সকালের রোদ